কুমিল্লার চান্দিনায় পিকআপ ভাড়া না দেয়ার অযুহাতে গাড়ি মালিক বিকাশ চন্দ্র দাসকে ঘুষি মেরে হত্যা মামলার একমাত্র আসামি আব্দুল আজিজ প্রকাশ আরজুকে (৩১) ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় চান্দিনা থানা পুলিশ। এর আগে সোমবার রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুল আজিজ কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই আন্দিরপাড় গ্রামের মো: সহিদ উল্লাহর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মঞ্জুর আলম জানায়, গত ৬ জুন বরকরই ইউনিয়নে নারাচোঁ গ্রামে পিকআপ মালিক বিকাশ চন্দ্র দাসকে হত্যার পর পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল আজিজ। অনেক খোঁজাখুজির পর তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৬ জুন তাকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়।
উল্লেখ্য, হত্যাকান্ডের তিন থেকে চারদিন আগে রাতের বেলায় আব্দুল আজিজ নামের ওই অভিযুক্ত ব্যক্তি বিকাশ দাসের কাছে ফোন করে পিকআপ ভাড়া চায়। তার লেনদেন ভাল না বিধায় তাকে পিকআপ ভাড়া দেয়নি। ওই ঘটনার জের ধরে ৬ জুন বিকেলে নারাচোঁ গ্রামে বিকাশ চন্দ্র দাসকে এলোপাথারী মারধর করে হত্যা করে তিনি (আব্দুল আজিজ)। এ ঘটনায় নিহতের বড় ছেলে ঝলক দাস থানায় মামলা করে।



