যশোরের বেনাপোল পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.)।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে বেনাপোল পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।

এতে প্রার্থীরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কালো টাকাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
আগামী ১৭ জুলাই তারিখে বেনাপোল পৌর সভার নির্বাচন হবে। কালো টাকার ছড়াছড়িসহ নির্বাচন সুষ্ঠু ও বিভিন্ন অনিয়ম বন্ধে নির্বাচন কমিশনের সহায়তা কামনা করেন প্রার্থীরা।

এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ নির্বাচন-সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বেনাপোল পৌর নির্বাচনের সকল প্রার্থী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার প্রার্থীদের কঠোরভাবে আচরণ বিধি মেনে চলার পরামর্শ দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে এ নির্বাচন গুরুত্ব বহন করে। আপনাদের সহযোগিতায় এ নির্বাচন যেন দৃষ্টান্ত স্থাপন করতে পারি।