চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকুব্বর হোসেন (৭০) উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মরহুম খেদ আলী মণ্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে উপজেলার আঠারোখাদা গ্রামে বিয়াই বাড়ি কোরবানির ঈদের দাওয়াতে যান আকুব্বর হোসেন। বিকেলে ফেরার পথে ছেলে মোটরসাইকেল চালাচ্ছিল আর দুই নাতিকে নিয়ে পেছনে বসেছিলেন তিনি। মোটরসাইকেল উদয়পুর গ্রামের মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির ট্রাককে সাইড দিতে গেলে বৃষ্টি হওয়ায় মোটরসাইকেলটি ব্রেক করলে স্লিপ করে। এসময় মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়েন আকুব্বর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।