সিলেটের বিয়ানীবাজারের ভারত সীমান্তের শেওলা-সুতারকান্দি স্থল বন্দর দিয়ে মোটরসাইকেল নিয়ে এক যুবক অবৈধভাবে ভারত প্রবেশ করায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় তোলপাড় দেখা দিয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য ভারতের করিমগঞ্জ থানার পুলিশ বাংলাদেশী যুবককে আটক করতে না পারলেও ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভারতের করিমগঞ্জ থানা পুলিশ।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের ১৩৬২ নম্বর পিলারের জিরো পয়েন্ট ও ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও থানার সুতারকান্দিতে বিজিবি ৫২ ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে দুই দেশের ফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ঘটনার সত্যতা জানতে বিজিবি ৫২-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তার মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

তারা জানান, বিষয়টি বিজিবির সীমান্ত এলাকার ঘটনা পরবর্তী বিষয় তাদের জানা নেই বলে এ প্রতিবেদককে জানান। অবশ্য এর পূর্বেও অনুরূপ ভাবে সীমান্ত এলাকা টপকিয়ে বিএসএফ ও বিজিবিদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুটি বিলাসবহুল পাজারো গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন পরে ওই বিলাসবহুল গাড়িগুলো সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল বুধবার (২৮ জুন) সীমান্ত এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ মানু রয়েছেন আতঙ্কিত অবস্থায়।

এ ব্যাপরে সত্যতা জানতে বিয়ানীবাজার বিজিবি ব্যাটারিয়ান (৫২ বিজিবি) -এর লেফটেন্যান্ট কর্নেল মুহিবুল ইসলাম খান পিএসসি -এর সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এর সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান, তিনি এরকম একটি ঘটনার বিষয় শুনেছেন। বিষয়টি বিজিবির বিধায় ওই বিষয়ে পরবর্তী ঘটনা তার জানা নেই।