জামালপুরের ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) উপজেলার পার্থশী ইউনিয়নের রোহের কান্দা গ্রামের মরহুম বাবর আলী শেখের ছেলে এবং ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক ও একটি মসজিদের ইমাম ছিলেন।
জানা যায়, দুপুরে বৃষ্টি হলে পানি জমে যায় সাদেক আলীর বাড়ির আঙ্গিনায়। জমে থাকা পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী দুখু মিয়া ও তার লোকজন সাদেক আলীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদেক আলীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাকে বহনকারী রিকশাটি দুখু ও তার লোকজন বাধা দেন বলেও অভিযোগ অভিযোগ রয়েছে তার স্বজনদের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সেঁজুতি শারমিন সারা তার মৃত্য নিশ্চিত করেন।



