নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দানা মিয়া জামে মসজিদের খতিব মাওলানা জাকির উল্যাহকে (৫৫) খুৎবার সময় মসজিদের ঢুকে খুৎবা পড়া অবস্থায় মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় হাসান ইমাম রাসেলের বিরুদ্ধে। এ ব্যাপারে গত শনিবার রাতে ভুক্তভোগী খতিব জাকির উল্যাহ কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
খতিব মাওলানা জাকির উল্যাহ জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুৎবা পাঠ করাকালীন ঈদের জামাত না পেয়ে কথিত সাংবাদিক হাসান ইমাম রাসেল ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করেন। আমার পাঞ্জাবির কলার ধরে আমাকে দুই দফায় মারধর করেন। এ সময় রাসেলের বাবা মসজিদ কমিটির সভাপতি সিরাজ উল্যাহ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে মুসল্লিরা এগিয়ে এসে তার হাত থেকে আমাকে উদ্ধার করেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাদেকুর রহমান জানান, ভুক্তভোগী খতিব শনিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরে রাতেই আলেম-ওলামাদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।