দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফয়জুর রহমান নামে (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩ জুলাই) সকালে মামলার প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রোববার (২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকালই নিহতের ভাই তাইজুল ইসলাম তিনজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
ফয়জুর উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সাথে মজিবর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। রোববার বিকেলে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চারিদিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিল, যাতে করে পুকুরের মাছ বর্ষায় বেরিয়ে না যায়।
কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে গেলে ইউসুফকে একা পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামিরা ইউসুফকে মারপিট শুরু করেন। ইউসুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামিরা। এতে ফয়জুর রহমান গুরুতর আহত হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর মেডিক্যালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ভাইয়ের ছেলে ইউসুফ আহত অবস্থায় বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, আসামি মজিবর রহমান সম্পর্কে নিহত ফয়জুরের খালু হন। মামলার অন্য আসামিরা হলেন মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও স্ত্রী নাজমা খাতুন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মামলার পর আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



