পটুয়াখালীর রাঙ্গাবালীতে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করে তিন দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গভীর রাতে উপজেলার খালগোড়া বাজারে জুযাড়িদের আটক করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শালেক মুহিদ এই শাস্তির আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার খালগোড়া গ্রামের আমির হোসেনের ছেলে সাইদুর রহমান, শহিদুল ইসলামের ছেলে বাইতুল ইসলাম, আব্দুল আলী মীরের ছেলে বাবুল মীর, মতি মিয়ার ছেলে রেজাউল, মৃত আব্দুল মন্নান মীরের ছেলে মাসুদ মীর ও জলিল খাঁর ছেলে বেল্লাল খাঁ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালগোড়া বাজারের লঞ্চঘাট এলাকার মদিনা ফিস মৎস্য আড়তে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও টাকা জব্দ করা হয়। এমন অভিযান চলমান থাকবে।