দেবীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফয়জুর রহমান নামে (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফয়জুর উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে। রোববার বিকেলে হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের ভাই তাইজুল ইসলাম বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সোমবার সকালে মামলার প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেফতার করে।
মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সাথে মজিবর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। রোববার বিকেলে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চার দিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিলেন, যাতে পুকুরের মাছ বর্ষায় বেরিয়ে না যায়। কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে গেলে ইউসুফকে একা পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামিরা ইউসুফকে মারধর শুরু করে। ইউসুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামীরা। এতে ফয়জুর রহমান গুরুতর আহত হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর মেডিক্যালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। নিহতের বাতিজা ইউসুফ আহত অবস্থায় বর্তমানে রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।