ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে বিস্ফোণে ডুবে যাওয়া জাহাজের মস্টারসহ ব্রিজের ভেতর থেকে লাশ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান (৪৭), সুপারভাইজার মাসুদুল আলম বেল্লাল (৫৫) ও জাহাজের চালক সরোয়ার হোসেন (৪৫)।

বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মো: শাফায়েত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপরে ইঞ্জিন কক্ষ থেকে জাহাজের গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের (২৭) লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এ নিয়ে নিখোঁজ চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল কোস্টগার্ডের অপারেশন অফিসার মো: শাফায়েত জানান, বরিশাল থেকে আসা উদ্ধারকারী জাহাজ নির্ভিক সোমবার সকাল ১০টা থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত জাহাজের ডুবে যাওয়া মাস্টার ব্রিজ উদ্ধারে কাজ শুরু করে। মাস্টার ব্রিজের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া জাহাজের ভেতর থেকে মৃদুলা-৫ এবং সেভেন সিমাক-২ জাহাজের মাধ্যমে এখন পর্যন্ত সাত লাখ লিটার পেট্রল ও ডিজেল সরিয়ে ডিপোতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল। উদ্ধার কাজে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সহযোগিতা করছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি সকাল থেকে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিদর্শন করেন।