অন্যের জমি বর্গা বা লিজ নিয়ে পেঁয়াজ-পাট, ধান ও আখ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন দরিদ্র কৃষক জাহাঙ্গীর ফকির। কিন্তু গত কয়েক বছর ধরে রাতের আঁধারে তার ক্ষেতের ফসল কেটে ফেলছে কে বা কারা। এবারও একই অবস্থার মুখোমুখি হয়েছেন তিনি।
সোমবার (৩ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বলেন, আমি অন্যের জমি লিজ নিয়ে প্রতিবছর পাট-পেঁয়াজ, ধান ও আখ আবাদ করে সংসার চালাই। কিন্তু প্রতি বছরই আমার ক্ষেতের ফসল ও আখ কেটে ফেলে একটি চক্র। এবারও গত শনিবার রাতের আধাঁরে আমার ৩০ শতাংশ জমিতে থাকা অন্তত ১৫০০ পিস খাওয়ার উপযোগী আখ কেটে ফেলেছে। আমি রোববার সকালে ক্ষেতে গিয়ে আখগুলো কাটা অবস্থায় দেখতে পাই। কিছু দিন পরেই ক্ষেতের আখগুলো বাজারে বিক্রি করতে পারতাম।
তিনি আরো বলেন, কে বা কারা রাতের আঁধারে আমার এত বড় ক্ষতি করছে, তা ধরতে পারছি না। পাহারা দিয়েও ধরতে পারছি না। কারো সাথে আমার কোনো ধরণের বিরোধও নেই। তারপরও কেন আমার ক্ষতি করা হচ্ছে, বুঝতে পারছি না। যারা আমার ক্ষতি করছে, তাদের বিচার আল্লাহ করবে।
যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, কৃষক জাহাঙ্গীরের ফসলের ক্ষতি প্রতি বছরই করছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে এবার আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। গ্রামের সবাইকে নিয়ে এক জায়গায় বসে কী করা যায়, সে বিষয় সিদ্ধান্ত নেব।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



