নোয়াখালীর সেনবাগ ও সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুরস্কর গ্রামের হাফেজ আব্দুল মজিদের বাড়িতে নিজাম উদ্দিনের মেয়ে নিঝুম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।

কাদরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো: আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। পরে সে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি কেউ তাকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

অপরদিকে সোমবার দুপুরে জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয়ে সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো: আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস) পানিতে ডুবে মারা যায়।

চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, সামিয়া ও আয়েশা শিশুদের সাথে যার যার বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।