দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহী তানভির (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শাহী তানভির উপজেলার বেতদিঘি ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামের মরহুম রঞ্জ মিয়ার ছেলে। সে ফুলবাড়ীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের দশম শ্রেণির আবাসিক শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহী তানভির বুধবার বেলা ১১টায় বাড়ির একটি গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ সুরতহাল করেছে । ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য তার অভিভাবক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।



