পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো এক আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় উপজেলার কাশিনাথপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার কাবারিকোলার মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২) এবং একই এলাকার জালাল মুন্সির ছেলে মো: বাবু (২৫)।
অন্যদিকে আহত ব্যক্তি হলেন একই এলাকার মনসুর সিকদারের ছেলে মমিন সিকদার (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে তারা কাবারিকোলা থেকে বিরামহীনপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিনাথপুর বাজারের লেভেলক্রসিংয়ে ঈশ্বরদী থেকে আসা ঢালারচরগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সাথে মোটরসাইকেলটির সংষর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই তারা (জামিরুল ও বাবু) মারা যান। আর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, জামিরুল মুন্সী কাশিনাথপুর বাজারের একজন সম্ভ্রান্ত স্বর্ণ ব্যবসায়ী। দোকানে হালখাতা থাকায় ভোর বেলা তারা তিনজন মোটরসাইকেলযোগে কাশিনাথপুর আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অপরিকল্পিত পরিচালনা ব্যবস্থার (রেল ক্রসিং না থাকার) কারণে এই দুর্ঘটনায় ঝরে গেলে দুটি তাজা প্রাণ। তারা অবিলম্বে চন্ডীপুরসহ সকল রাস্তার সংযোগস্থলে রেল ক্রসিং বসানোর দাবি জানান।
এ ঘটনায় আমিনপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশ দেখছে।



