কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় মুসলমান হয়েছেন কমল সূত্র ধর (৩৫) নামের এক যুবক।

বুধবার (৫ জুলাই) রাতে এশার নামাজের পর কটিয়াাদীর মসুয়া ইউপির বেতাল বাজার মসজিদে নামাজের পর সবার সামনে ইমামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

এর আগে বুধবার এফিডেভিট করে কিশোরগঞ্জের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ধর্ম ত্যাগ করেন। বর্তমানে তার নাম আব্দুর রহমান।

তিনি অবিবাহিত। পেশায় রাজ মিস্ত্রির কাজ করেন। তার বাবার নাম বিজয় সূত্র ধর। মা শিখা রাণী সূত্র ধর। তাদের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদীর কৃষ্বপুর ইউপির মধ্য বীরগাঁও গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমল সূত্র ধর আট বছর আগ থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হন। বিষয়টি এতদিন গোপন রাখলেও কয়েকদিন আগে মুসলমান হওয়ার ইচ্ছে প্রকাশ করেন পরিবারের কাছে। কিন্তু অনুমতি মেলেনি। উল্টো শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাড়িতেই।

আরো জানা যায়, শিকল থেকে কৌশলেই ছুটে বাড়ি থেকে চলে আসেন কটিয়াদীর বেতাল এলাকায়। স্থানীয়দের কাছে ইচ্ছে প্রকাশ করেন মুসলমান হবার। কিশোরগঞ্জে আদালতের মাধ্যমে ধর্ম ত্যাগ করে ওই দিন রাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চল্লিশ দিনের জন্য চিল্লায় যান তিনি।

ধর্ম ত্যাগ ও নতুন ধর্ম গ্রহণ বিষয়ে কমল সূত্র ধর ওরফে আব্দুর রহমান বলেন, আমি নিজ ইচ্ছায় ইসলামের ছায়াতলে এসেছি। সবার কাছে দোয়া চাই। পেশায় রাজের কাজ করি। তবে এখন স্থায়ী ঠিকানা নেই। সবার সহায়তা নিয়ে ও কাজ করেই চলতে হবে।