নওগাঁর মান্দায় ঘাস ক্ষেতের ভেতর ৬০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশের কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভালাইন ইউপির আয়াপুর (নিমবাড়িয়া) গ্রামের পাগলিতলা নামক স্থানে নিজ জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান রাজু আহমেদ। সেই ঘাসের ভেতর অজ্ঞাত ওই বৃদ্ধার পা নজরে আসে। এ সময় কাছে গিয়ে দেখতে পায় একটি লাশ সেখানে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তিনি মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য হারুনকে জানালে তিনি (হারুন) মান্দা থানায় খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তসহ লাশটি উদ্ধার করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তবে এখন পর্যন্ত এ লাশের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।