নওগাঁর মান্দায় পরিত্যক্ত পুরাতন একটি কোল্ডস্টোরেজের দেয়াল ধসে মকলেছুর রহমান (৪৫) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের 'জ্যোতি কোল্ডস্টোরেজে' এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকলেছুর উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। ভটভটিতে গরু নিয়ে চৌবাড়িয়া হাটে যাওয়ার পথে দুর্ঘটনা শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকলেছুর রহমানের গরুবোঝাই ভটভটি ওই স্থানে আসার পর দোতালার রেলিং -এর ইট ধসে ভটভটির ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মকলেছুর রহমান নিহত হন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত মকলেছুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।