কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েক দিনের বর্ষণে নতুন নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতুর ব্লক সরে গিয়ে অ্যাপ্রোচ সড়ক ভেঙে যাচ্ছে। ফলে এখনই মেরামতের উদ্যোগ না নিলে সেতুসহ পুরো সড়কটিই চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে হোসেনপুর-গোবিন্দপুর-কিশোরগঞ্জ সড়কের ফটিকখালী সেতু এলাকায় গিয়ে এপ্রোচ সড়কটিতে ভেঙে যাওয়ার দৃশ্য দেখা যায়। সূত্র মতে, ওই লাকুহাটি-ফটিকখালি সেতুটি নির্মিত হয়েছে নরসুন্দা নদের উপর। সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করা হয়েছে গত তিন মাস আগে। কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেতুর গাইডওয়ালের প্রতিরক্ষা ব্লকগুলো আলগা হয়ে ক্রমেই জায়গা থেকে সরে গিয়ে ভাঙনের সৃষ্টি হচ্ছে। আবার সেতুর দুই মাথার অ্যাপ্রোচ সড়কের পাশ থেকেও মাটি সরে গিয়ে কার্পেটিংসহ সড়ক ভেঙে পড়ছে। তাই উদ্বিগ্ন এলাকাবাসী এ করুণ দৃশ্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে।

স্থানীয় এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল হক জানান, ৪০ মিটার দীর্ঘ ও ৭ মিটার প্রন্থের এ সেতুর বরাদ্দ ধরা হয়েছিল তিন কোটি টাকার বেশি। আর এ সেতু নির্মানের কাজ পায় মোফাজ্জল নামে এক ঠিকাদার। দু-এক দিনের মধ্যে সেতু পরিদর্শনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
এ ব্যাপারে কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানান, সেতু ও সড়ক নির্মাণে কোনো গাফিলতি আছে কি না, সেটা তিনি খতিয়ে দেখবেন। তা ছাড়া এ সেতুর বিলের ৭০-৮০ লাখ টাকা এখনো পরিশোধের বাকি আছে। তাই ভেঙে যাওয়া সড়ক ও ব্লকের মেরামতের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।