নওগাঁর মান্দায় ঘাস ক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে।
শুক্রবার (৭ জুলাই) সকালে ভালাইন ইউনিয়নের আয়াপুর এলাকার পাগলিতলা মণ্ডপের পাশের একটি ঘাসক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মলিনা বিবি (৫০) উপজেলার মৈনম ইউনিয়নের চকদারপাড়া গ্রামের জিয়ার উদ্দিনের মেয়ে।
স্বামী পরিত্যক্তা মলিনা বিবি উপজেলার গনেশপুর ইউপির সতিবাজারে একটি তুলার মিলে শ্রমিকের কাজ করতেন। সেখানে বাসা ভাড়া নিয়ে একাকি বসবাসও করতেন। পাশাপাশি অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভালাইন ইউপির আয়াপুর (নিমবাড়িয়া) গ্রামের পাগলিতলা নামক স্থানে নিজ জমিতে গরুর জন্য ঘাস (চাষ করা ঘাস) কাটতে যান রাজু আহমেদ। সেই ঘাসের ভেতর অজ্ঞাত ওই বৃদ্ধার পা নজরে আসে। এ সময় কাছে গিয়ে দেখতে পায় একটি লাশ সেখানে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সে মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য হারুনকে জানালে সে মান্দা থানায় সংবাদ দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তসহ লাশটি উদ্ধার করেন। তাদের ধারণা স্বামী পরিত্যক্তা মলিনা বিবিকে সতিবাজার থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে নির্জন স্থানে নিয়ে গিয়ে কে বা কারা উপর্যুপরি ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হতে পারে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তিনি সতিবাজার থেকে আয়াপুর গ্রামে এসেছিলেন এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



