বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর পাটক্ষেত থেকে আব্দুল বাসেদ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের পাশের পাটক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব রেজিস্টার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে খামারপাড়া গ্রামের পাটক্ষেতে লাশ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

বাসেদের ভাতিজা শামীম হোসেন জানান, মঙ্গলবার (৪ জুলাই) সকালে শিবগঞ্জ সাব রেজিস্টার অফিসে যান তিনি। দুপুরে বাড়িতে ফোন দিয়ে বলেন, তিনি দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছি। এরপর আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে বগুড়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।