দিনাজপুরের চিরিরবন্দরে অজিফা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টার যেকোনো সময় উপজেলার ইসবপুরে এ ঘটনা ঘটে।

অজিফা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি বদর পাড়ার মো: আজাব উদ্দিন বাবুর মেয়ে। সে দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

প্রতিবেশি ও পরিবারের লোকজন জানায়, অজিফা মাঝে মাঝে মানসিক বিকারগ্রস্থ থাকত। পরিবারের লোকজন ওই সময় বাড়িতে না থাকায় আত্মহত্যা করে। ওই কলেজছাত্রী নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিঁড়িতে লাগিয়ে আত্মহত্যা করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ জানান, লাশের সুরতহাল করার সময় কারো আপত্তি না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়।