চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সী বোরহান উদ্দিন (৫৮) নামে এক ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহান উদ্দিনের বাড়ি ফেনীর ফুলগাজী এলাকায়। তিনি ১৯৮৭ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

কেরানীহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহিম জানান, শনিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য বোরহান উদ্দিন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি অজ্ঞান হয়ে সড়কের ওপর পড়ে যান। পরে পুলিশের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজিয়া তাসনিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, বোরহান উদ্দিন দায়িত্ববান একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি শনিবার দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বোরহান উদ্দিনের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।