যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি জঙ্গি সংগঠন। তারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া একজন মিথ্যাবাদি মহিলা। তার কাজই মিথ্যা বলে মানুষকে ধোকা দেয়া। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক বিএনপি একটা চায় না। তিনি আরো বলেন, আজ যারা মানবাধিকারের কথা বলেন। তাদের নেতা জিয়াউর রহমানই সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন করেছেন।
তিনি শনিবার জামালপুরের ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, পৌর মেয়র আব্দুল কাদের সেখ প্রমুখ।