৫ জুলাই প্রথম আলো পত্রিকায় স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে ‘মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মন্ত্রী সমর্থক নেতা-কর্মীদের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে পত্রিকাটির কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করে মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষণা করা হয় পত্রিকাটি।
শনিবার দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্ব¡রে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রমেজা আক্তার মাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম হোসেন, জাগীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে প্রথম আলো পত্রিকা মানিকগঞ্জে বয়কটের ঘোষণা দেন পৌর মেয়র রমজান আলী। এরপর প্রেস ক্লাবের সামনে শহীদ রফিক চত্বরে নেতাকর্মীরা বেশ কয়েকটি প্রথম আলো পত্রিকায় অগ্নিসংযোগ করে।
মানববন্ধনের জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর মানিকগঞ্জে বাটা কোম্পানি হতে পারেনি প্রশাসনের কারণে। এবার মানিকগঞ্জের জেলা প্রশাসকের গাফলতির কারণে দুই হাজার কোটি টাকার প্রকল্প বন্ধ হওয়ার পথে। সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) এই প্রকল্পটি মানিকগঞ্জে হলে ৫ থেকে ৬ হাজার লোকের কর্মসংস্থান হতো।