কিশোরগঞ্জের ভৈরবে ১২ লাখ টাকার নকল ও ভেজাল ওষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন। রোববার (৯ জুলাই) দুপুরে শহরের ভৈরব বাজারের গ্রিন ফার্মেসিতে অভিযান চালিয়ে ওসব ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন ও কিশোরগঞ্জ জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন রাজু আকন্দের নেতৃত্বে গ্রিন ফার্মেসিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ তিন হাজার ৭৪০ বক্স ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওসব ওষুধ পুড়িয়ে ফেলা হয়, যার বাজার মূল্য ১২ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন ভূমি অফিসের নাজির সালেক রহমানসহ ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষা করে। আর ভেজাল ওষুধ মানুষের জীবন ধ্বংস করে। তাই নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসির ওষুধ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন রাজু আকন্দ বলেন, সারাদেশে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণে গ্রিন ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন হাজার ৭৪০ বক্স ওষুধ জব্দ করার পর তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



