কুমিল্লার দেবিদ্বার পৌরসভাকে ‘গ্রিন দেবিদ্বার-ক্লিন দেবিদ্বার’ করার অঙ্গীকার নিয়ে ৩২ দফা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো: সাইফুল ইসলাম শামীম।
সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।
লিখিত ইশতেহারে তিনি উল্লেখ করেন, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়ন, ময়লা অপসারণ ও ডাম্পিং এবং মশা দমনে আধুনিক কার্যকর ব্যবস্থা, ন্যূনতম ফিতে আরো দ্রুততম সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ সকল সেবা প্রদান, হয়রানি ও বিড়ম্বনা মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা। পৌর এলাকার প্রবেশপথে দৃষ্টি নন্দন তোড়ন নির্মাণসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, পরিত্যক্ত গোমতী নদীতে রাজধানীর হাতিরঝিলের আদলে ওয়াকওয়ে ও শিশু পার্ক নির্মাণ, আধুনিক ফায়ার স্টেশন স্থাপন, পরিকল্পিত আবাসিক এলাকা, প্রতি ওয়ার্ডে পাঠাগার ও শিশুপার্ক নির্মাণ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এবং যাতায়াত, শিক্ষা-চিকিৎসায় একটি মডেল পৌরসভা প্রতিষ্ঠা করা হবে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, উপদেষ্টা এ টি এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফি উদ্দিন সফি, সহ-সভাপতি এ কে এম মনিরুজ্জামান মাস্টার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন মাস্টার, ছিদ্দিকুর রহমান ভূইয়া, রুহুল আমিন ও লিয়াকত আলী বাবুল প্রমুখ।



