সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবু হেনা মো: মোস্তফা কামাল রিপনের গাড়ি পোড়ানো মামলায় স্থানীয় আ’লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ জুলাই) মধ্যরাতে রাজধানী ঢাকার পল্টন থানার কাকরাইল মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি গ্রামের আলী আকবরের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (৩৫) ও একই গ্রামের বাসিন্দা আকছেদ আলী ছুতারের ছেলে স্থানীয় ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক দেলসাদ (৪০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ জুলাই) মধ্যরাতে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানের প্রাইভেটকার অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা কামাল রিপন তিনজনকে আসামি করে গত শনিবার মামলা করেন।