জামালপুরের দেওয়ানগঞ্জে একই পরিবারের দুই ভাইবোন মেডিক্যালের ভর্তি পরীক্ষায় সাফল্য লাভ করায় ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা হচ্ছে দেওয়ানগঞ্জ পৌরসভার দক্ষিণ চিকাজানী এলাকার বাসিন্দা ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক হেদায়েতুল ইসলাম মাহমুদের মেয়ে নাফিয়া নাওয়াল আদ্রিতা এবং দেওয়ানগঞ্জ এ কে এম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শফিকুল ইসলাম মাহবুবের ছেলে রিজওয়ানুল ইসলাম নাইম। আদ্রিতা এবার ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৪তম হয়েছেন। এ ছাড়া নাইম ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন গতবার।

কৃতি এ দুই শিক্ষার্থীর দাদা ৬০-৭০ দশকের সাড়া জাগানো ফুটবলার এবং দেওয়ানগঞ্জ এ কে এম বিশ্ববিদ্যালয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম সোহরাব মিয়া। একই পরিবার থেকে দুই কৃতী শিক্ষার্থী মেডিক্যালে চান্স পাওয়ায় বিষয়টি সর্ব মহলে ব্যাপকভাবে প্রসংশিত হচ্ছে। কৃতিত্বপূর্ণ সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কয়েকবার নির্বাচিত সাবেক সভাপতি সাংবাদিক খাদেমুল ইসলাম।