যশোরের চৌগাছা উপজেলায় পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বর্ষার ভরা মৌসুম হলেও বৃষ্টির দেখা তেমন মেলেনি। মাঝে-মধ্যে দু-এক পসলা বৃষ্টি হলেও খাল বিলে পানি জমেনি। উপজেলার বুকচিরে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তবে গেল বছর থেকে নদ খননের কাজ শুরু হয়েছে। ফলে পাট জাগ দিতে পারছেন না নদের দুই পাড়ের চাষিরা। এ দিকে এলাকায় সরকারি বিল-বাঁওড়গুলো ব্যক্তি মালিকানায় সরকার লিজ দেয়ায় বিল-বাঁওড়ে পাট জাগ দিতে দেয়া হবে না। ফলে পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, চলতি বছর উপজেলায় ১৮৬০ হেক্টর জমিতে জিআরো ৫২৪ জাতের এবং ১৫০ হেক্টর জমিতে তুষা ৮ রবি জাতের পাট চাষ করা হয়েছে।

উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের পাট চাষি জহির উদ্দীন বলেন, এবার চাষের শুরুতে চাষিদের বৈরী আবহাওয়া মোকাবেলা করতে হয়। বৃষ্টি না হওয়ায় সেচ দিয়ে পাট বীজ বুনতে হয়েছে। খরার সময়ে মাঝেমধ্যে সেচ দিতে হয়। এতে পাট চাষের খরচ বেড়ে গেছে। বর্তমানে কোনো কোনো এলাকায় আগাম জাতের পাট কাটা শুরু হয়েছে। এ পাট কেটে তারা আউশ ধান রোপণ করছেন। খাল-বিলে পানি না জমায় দূরে নিয়ে জাগ দিতে খরচ বাড়ছে। ঋতু পরিক্রমায় বর্ষাকাল চলছে। কিন্তু বর্ষার রূপ আকাশে ঘন কালো মেঘ, ঝমঝম বৃষ্টি নেই। মাঝে মধ্যে বৃষ্টি হলেও এখন পর্যন্ত খাল বিলে পানি আসেনি, ভরেনী নদ-নদী। এ বছর পাটের দামও ভালো। কিন্তু পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে মহা-দুশ্চিন্তায় পড়েছেন পাট চাষিরা।

এ দিকে উপজেলার নারায়ণপুর, পাশাপোল, ধুলিয়ানী, স্বরূপদাহ, ফুলসারা, চৌগাছা সদর ও সুখপুকুরিয়া ইউনিয়নের কিছু কিছু এলাকায় পাট কাটা শুরু হয়েছে। নতুন পাট হাটেও উঠতে শুরু করেছে। প্রতি মণ পাট আড়াই থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পানির অভাব থাকায় অনেকে পাট কেটে জমিতে রেখে দিয়েছেন।
উপজেলার রাজাপুর গ্রামের চাষি আতিয়ার রহমান বলেন, এবার পাটের ভালো ফলন হবে। তবে জাগ দেয়া নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। আমরা পাট কাটা শুরু করিনি। আমাদের এলাকায় আগাম বোনা পাট অনেকে কাটছেন। নতুন পাট বাজারে প্রতি মণ ২ হাজার ৮৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, উপজেলায় এ বছর ২ হাজার ৫৭৫ জন কৃষক পাট চাষ করেছেন। এ অঞ্চলে এবার পাট ভালো হয়েছে। তবে পানি ও জায়গার অভাবে পাট জাগে সমস্যা হচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।