নওগাঁর রাণীনগর উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের একটি পুকুরে পড়েছিল শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের লাশ।
সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
শফিক ওই গ্রামের হুজুর আলীর ছেলে এবং তিনি কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
শফিুকলের বড় ভাই সাইদুর রহমান বলেন, তার নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য তিনি মোটর বসিয়ে পুকুর শুকাচ্ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা মোটরের পাশে পুকুরের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখেন।
এ ঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাইদুর রহমান ধারণা করে বলেন, ‘হয়তো পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।’
ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলছেন তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছে এটা কেউ দেখেনি বা বলতেও পারেনি। সুতরাং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি আনইউজুয়াল ডেথ (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।



