নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো: রিয়াজ (২৫) উপজেলার পৌর হাজীপুর এলাকার ইসমাইলের ছেলে।
র্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ২০২০ সালের ১৩ সন্ধ্যায় চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে মো: রিয়াজসহ তিনজন চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় ডেকে নেয়। এরপর তার মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। গত ১৫ মে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



