সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর সাথে অভিমান করে খাদিজা খাতুন নামে এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

খাদিজা উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামের খবির উদ্দিনের মেয়ে। সাত থেকে আট মাস আগে ওই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের হাজীপুর গ্রামের হবিবর রহমানের ছেলে এনামুল হকের সাথে তার বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে পরিবারের দাবি স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।