গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী সিরাজুল হক ছিরু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাজাহান মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাজাহান মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের মৃত সাহেব আলী মোল্যার ছেলে। সে মামলার রায় ঘোষণার পর ২০১৭ সাল থেকে পলাতক ছিল। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে ছিরু মোল্যাকে আড়ুয়াকান্দি খালে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে লাশ আড়–য়াকান্দি গ্রামে তার বাড়ির কাছে খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদি হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এ মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ১২ জনকে বেকসুর খালাস দেয়া হয়। পরবর্তীতে আসামিরা হাইকোর্টে আপিল করেন। মামলার ডেথ রেফারেন্স (মামলার নথি) ও আসামিদের করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে গত ১১ জুন চারজনের মৃত্যুদণ্ড বহাল রেখে একজনকে আমৃত্যু ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।