মানিকগঞ্জের সিংগাইরে মালবাহী পিকআপভ্যান খাদে পড়ে হৃদয় (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো চারজন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সায়েস্তে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ গোপালরায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহতরা হলেন একই এলাকার আছির উদ্দিন (৩০), লিমন (২১), বিপ্লব (২০) ও আশরাফুল(৩৪)। তারা সবাই টিউবওয়েল স্থাপনের শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানা, টিউবওয়েল স্থাপনের মালামাল নিয়ে পিকআপভ্যানে করে তারা উপজেলার সায়েস্তে ইউনিয়নের চরলক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে সাঈদের বাড়ির সামনে পিকআপটি একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে চাকা পিছলে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। স্থানীয়রা আতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



