নওগাঁর রাণীনগরে ১৬ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম ওরফে মাসুদ মোল্লা (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ওই কিশোরীকে হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর জবানবন্দি লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১২ জুলাই) রাতে স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করেন।

অভিযুক্ত মাসুদ মোল্লা নাটোরের সিংড়া উপজেলার আনন্দনগর (কালীগঞ্জ) গ্রামের সখাই মোল্লার ছেলে।

ভুক্তভোগী বলেন, এক বছর আগে মাসুদের সাথে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই মাঝে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বাড়িতে এসে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তাকে। এরপর মাসুদ তাকে কালীগঞ্জ বাজারে তার স্যানেটারি কারখানায় নিয়ে বিয়ের প্রলোভনে রাতভর ধর্ষণ করেন। পর দিন দুপুরে মাসুদ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। এরপর পরিবারের লোকজনকে খবর দিলে তারা স্কুলছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা বুধবার (১২ ‍জুলাই) রাতে মামলা করেছেন।

তিনি আরো বলেন, স্কুলছাত্রীর মেডিক্যাল চেকআপ করে জবানবন্দি লিপিবদ্ধ করতে আদালতে পাঠানো হয়েছে।

আসামি মাসুদকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।