জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দুই-তিন দিন ধরে পানি বাড়ার সাথে সাথে নতুন নতুন এলাকা পানিতে নিমজ্জিত হচ্ছে। নদী পাড় ও নিম্নাঞ্চলের আখ ও পাটসহ অন্য ফসলাদি বিভিন্ন স্থানে ডুবে গেছে। নদীতে পানি বৃদ্ধির সাথে বিভিন্ন পয়েন্টে পাড়ে পাড়ে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডলবাজার, নয়াগ্রাম, বউলাতলী, বড়খাল এবং বাহাদুরাবাদ ইউনিয়নের ফারাজীপাড়া, চর পোল্যাকান্দি, শেখপাড়াসহ নানা স্থান পরিদর্শনে ভাঙনের এ সব দৃশ্য দেখা যায়।

দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়কের মন্ডলবাজারের পশ্চিমে ব্যাপক ভাঙ্গন চলছে। কয়েক গজের মধ্যে ভাঙ্গনরত নদী। যেভাবে ভাঙছে তাতে এ পথে যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি মাপক আব্দুল মান্নান জানান, যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।