নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি কুইজ গেইট এলাকায় ভাড়ায় মো: করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনো পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

গ্রেফতাররা হলেন হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

সোমবার (১০ জুলাই) গলায় গামছা পেঁচিয়ে মো: করিম (২৫) নামে এক যুবককে হত্যা করে খালে ফেলে যায় দুর্বৃত্তরা। তিনি উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো: বেলালের ছেলে। সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোবায়ের বাজারের তানিশা প্রজেক্ট-সংলগ্ন সুইচ খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।

নোয়াখালীর এসপি মো: শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল-চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে জানায়।