কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের দায়ের কোপে আপন ভাই-বোন মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২৩) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বাড়ির বিরোধপূর্ণ সীমানায় গাছের চারা রোপণকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার কুড়িমারা গ্রামে বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বুধবার শামসুদ্দিনের সাথে তার ভাই আবদুল কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে কেউ বুঝে ওঠার আগেই সুপরিকল্পিতভাবে সামছুদ্দিনের পরিবারের লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায় কাদিরের লোকজন। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি দায়ের কোপে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই পরিবারের অনেকেই। ঘটনাস্থলেই উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের ছেলে মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত নাদিরা (২৩), সালমান (২২), খাদিজা আক্তার (৫৮), শামসুদ্দিনকে (৬২) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, খুনের সাথে জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।