ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ডান পা হারিয়েছেন নয়ন রায় (১৬) নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ৯টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রেললাইনের ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন কর্ণফুলী বাজার-সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নয়ন রায়ের বাড়ি দিনাজপুর কাহারোল উপজেলার বাড়িভাসা গ্রামে। তিনি ওই গ্রামের রতন কুমার রায়ের ছেলে।

নয়ন রায় রুহিয়া ক্যাথলিক মিশন শিশু সদনে (বোর্ডিং) থাকতেন। রতন রায় রুহিয়া শহীদ ফাদার লুকাস জুনিয়র স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রাত ৯টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া স্টেশন থেকে পঞ্চগড় গামী দোলনচাঁপা ট্রেনটি ক্যাথলিক মিশন শিশু সদন এলাকায় ঢোকার আগে ওই শিক্ষার্থী চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন। এতে করে ট্রেনের নিচে তাঁ ডান পা পড়ে গেলে হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাটি। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

রুহিয়া ক্যাথলিক মিশন ইনচার্জ ফাদার আন্টনি জানান, রাতের খাবারের সময় আহত শিক্ষার্থী নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি আরো জানান, শিশু সদন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই শিক্ষার্থী পালিয়ে বাড়ি যাচ্ছিল। কিন্তু সে ভুল ট্রেনে উঠে যায়। পরে ওই চলন্ত ট্রেন থেকে শিশু সদনের সামনে নামার সময় দুর্ঘটনা ঘটে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নয়া দিগন্তকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত শিক্ষার্থী এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।