সুনামগঞ্জের সুরমা নদীতে নোঙর করা হাওরে পর্যটকবাহী হাউজ বোটে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাটে নেঙর করা অবস্থায় জঙ্গা নামের এই হাউজ বোটে আগুন লাগে। এ সময় বোটে কোনো পর্যটক ছিলেন না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বোট মালিক উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বোটটি নির্মাণ করতে ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যয় হতে পারে।
বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ির ঘাটে হঠাৎ বোটের মাঝে আগুন লাগে। বোটটি কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বাড়তে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের বাসাবাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, খবর পেয়ে আমরা এসে দেখি বোটটি জ্বলন্ত অবস্থায় সুরমা নদীতে ভাসছে। স্থানীয়ভাবে আরো কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।