একই ঈদগাহে ৮১ বছর ধরে ইমামতি করে বিরল সম্মানে ভূষিত হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের এক ইমাম।

গত শুক্রবার বিকেলে উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁহ মাঠে ১০১ বছর বয়সী ওই ইমামকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লাখ টাকা উপহার দেয় এলাকাবাসী।

শতবর্ষী ওই ইমামের নাম মাওলানা নূরুল ইসলাম। প্রিয় ইমামকে সম্মান জানাতে পেরে উচ্ছ্বসিত তার মুসল্লিরা। একইসাথে ইমাম মাওলানা নূরুল ইসলামও মুসল্লিদের এরূপ সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮১ বছর যাবত নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাহ মাঠে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ সময় ইমামতি করায় ওই ইমামের সাথে এলাকার মানুষের আত্মার সম্পর্ক তৈরি হয়। তারই নির্দশন স্বরূপ স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সকল শ্রেণি-পেশার মানুষজন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

গুণী ব্যক্তিদের প্রতি এ সম্মাননা আগামী প্রজন্মকে আরো উৎসাহিত করবে বলে জানান আয়োজকরা।