গাজীপুরে ট্রাকচাপায় নিহত হয়েছে চাকরির ইন্টারভিউ দিতে কারখানার গেটে অপেক্ষমান দুই নারী। এ ঘটনায় ট্রাকটি চালাতে থাকা হেল্পারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার কাশেম ল্যাম্প কারখানার গেটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা জেলার মদন থানার বড় খাউরিয়া এলাকার আবুল মিয়ার মেয়ে ও রুহুল আমিনের স্ত্রী বিপাশা আক্তার রোজিনা (১৯) এবং সিরাজগঞ্জ জেলা সদর থানার বাহুকা এলাকার আলিফ হোসেনের মেয়ে আশা মনি (১৮)। আটক ট্রাকের হেল্পার মো: সবুজ (১৪) চাঁদপুরের মতলব থানার পশ্চিম রায়দিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান লিটন জানান, শনিবার সকালে কাশেম ল্যাম্প কারখানায় চাকরির ইন্টারভিউ দিতে গেটে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন রোজিনা ও আশা মনি। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কারখানা-সংলগ্ন সড়ক ছেড়ে লাইনে দাঁড়ানো রোজিনা ও আশা মনিকে চাপা দিয়ে কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন রোজিনা। গুরুতর আহত আশা মনিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। এছাড়াও ট্রাকটি জব্দ ও হেল্পারকে আটক করা হয়েছে। ঘটনার সময়ে ড্রাইভিং শেখার জন্য ট্রাকটি চালাচ্ছিলেন হেল্পার সবুজ। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



