কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছ লাগানো ও কাটা নিয়ে বিরোধের জেরে সহোদর ভাই-বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ সাতজনের নামে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহতদের বাবা মোহাম্মদ সামছুদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই প্রধান আসামি আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে ইমরাকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের সাথে তার ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় তাদের বাড়ির সীমানায় গাছের চারা কাটার জের ধরে গত বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সাথে কাদিরের পরিবারের সদস্যেদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আলমগীর নিহত হন। এ সময় গুরুতর আহত কলেজছাত্রী নাদিরা আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, নিহতদের বাবা মোহাম্মদ সামছুদ্দিন বাদি হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামি করে সাতজনের নামে মামলা দায়ের করার পর প্রধান আসামির স্ত্রী ফরিদা ইয়াসমিন ও ছেলে ইমরানকে গ্রেফতার করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।