গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করেই একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। পরে প্রাথমিক শিক্ষা অফিসারের হস্তক্ষেপে নির্বাচনটি স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলার ২৮ নং বান্ধাবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, নির্ধারিত সময়ের পূর্বেই প্রার্থীদের নির্বাচনী ফরম বিক্রি বন্ধ করে প্রধান শিক্ষকের আত্মগোপন ও তড়িঘড়ি করে একটি কমিটি সিলেকশন করা হয়েছে। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকার ১৮ জন অভিভাবক বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরবিলাশ পাইকের মোবাইলে বার বার ফোন করে সংযোগ পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ ঢালী বলেন- হেডস্যার আমাকে ফরম বিক্রিসহ কিংবা নির্বাচনী দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাননি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন- অভিযোগ পেয়ে নির্বাচন স্থগিত করেছি। পরবর্তীতে আমার নিজ দায়িত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে।



