সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছে।

শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনার পাবনা বাজার বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ঢাকাগামী গরু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন থেকে নাম্বার বিহীন মোটরসাইকেলযোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী গরু বোঝায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই খাদিজা মারা যান। মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় উপজেলার ধানগড়া এলাকায় পর্যন্ত চ‌লে যান। পরে সাধারণ জনতা তার লাশসহ ট্রাকটি আটক করে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।