কুড়িগ্রামের ফুলবাড়ীতে দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে নাজিউর রহমান স্বাধীন, শাওন, মাহফুজার রহমান দরদ, মোশারফ হোসেন, মেহেদী হাসান, আম্বিয়া বেগম, পারুল আকতার, নুরে আলম কবির লেবু, মাহাবুব হোসেন লিটু, এমদাদুল হক মিলনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, চালক না থাকায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় দেড় কোটি টাকা মূল্যের তিনটি সরকারি অ্যাম্বুলেন্স আড়াই বছর ধরে গ্যারেজেই পড়ে আছে। এতে বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসে রোগী পরিবহনের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে জনসাধারণকে। তাছাড়া ভোগান্তি ও হয়রানির ঘটনা ঘটছে অহরহ। তারা অবিলম্বে চালক নিয়োগ করে অ্যাম্বুলেন্স চালু করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
এ সময় বক্তারা আগামী সাত দিনের মধ্যে অ্যাম্বুলেন্স চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন।
জানা গেছে, ২০২১ সালের ১৩ জানুয়ারী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলীকে হাসপাতাল কোয়াটারে সংঘটিত চুরির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেন। তখন থেকে আড়াই বছরেরও বেশি সময় থেকে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা জানান, অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স চালু করা সম্ভব নয়। তারপরও এ বিষয়ে উর্ধতন মহলে জানানো হয়েছে।



