নরসিংদীর শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর নাম খাদিজা আক্তার (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের মোল্লাবাড়ি এলাকার আবদুস সালামের স্ত্রী।
গৃহবধূর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে তিন মেয়েকে মাদরাসায় পাঠিয়ে গৃহস্থালী কাজ করছিলেন খাদিজা আক্তার। তখন তিনি বাড়ির পাশে কৃষির সেচকাজে ব্যবহৃত মোটর পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।



