দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৪৯) নামে সেনা সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্ব পাশে দশমাইল-সৈয়দপুর মহাসড়কের তইপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালীপুর) গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর (করপোরাল) সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় রুহুল আমিন মোটরসাইকেলে করে পার্বতীপুর উপজেলার ধোপাকল (বাঙালীপুর) গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তইপাড়ায় সৈয়দপুর থেকে দশমাইলগামী একটি প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন নিহত হন। দুর্ঘটনার পরে প্রাইভেটকারটির চালক সেটি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।