এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক কুষক খুন হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। ১৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল বৃদ্ধি করেছে। সোমবার সকাল ৬টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের মধ্যপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব ও সংঘর্ষ চলে আসছিল। এক গ্রুপের নেতৃত্বে ছিলেন নিহত আব্দুল মান্নান শেখ ও গোলাম খান অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন হিমায়েত হোসেন ও ফরহাদ হোসেন মেম্বার। রোববার সন্ধ্যায় ওই দুই দলে রঞ্জু শেখ, রাকিব ও কাদের খানের মধ্যে কাথা কাটাকাটি জের ধরে সোমবার সকাল ৬টায় উভয় দল সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কৃষক আব্দুল মান্নানের বুকে টেটাবিদ্ধ হয়। এ সময়ে তার উপর রেললাইন থেকে আনা পাথর ছুড়ে মারে প্রতিপক্ষের লোকজন। আব্দুল মান্নানকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুর হয়।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী থানা পুলিশ হিমায়েত হোসেন টিটো শেখ ও নাজমুল শেখ নামের দু’জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ টহল বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলী আফিফা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাক না কেন সবাইকেই আইনের আওতায় আনা হবে।



