ফরিদপুরের সালথায় একটি বাড়ির বাথরুমের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: কামরুল বিশ্বাস (২১) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কামরুল ওই গ্রামের ভ্যানচালক আমলগীর বিশ্বাসের ছেলে।

কামরুলের বাবা আলমগীর বিশ্বাস জানান, প্রতিদিনের মতো ওই দিন সকালে তিনি একই গ্রামের আতিক মাতুব্বরের বাড়িতে পাকা বসতঘর নির্মাণ কাজ করতে যান। বিকেলে নির্মাণাধীন ঘরের বাথরুমের দেয়াল পলেস্তারের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সাথে তার হাতের একটি আঙ্গুলের ছোয়া লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহুর্তের মধ্যেই বাথরুমের দেয়ালের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে সালথা থানার জরুরি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।